স্পোর্টস রিপোর্টার
বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে সাড়া ফেলেছিলেন আলিস আল ইসলাম। রংপুর রাইডার্সের বিরুদ্ধে গত ১১ জানুয়ারি এই অফস্পিনারের বোলিংয়েই ২ রানে জিতেছিল ঢাকা ডায়নামাইটস। সেই ম্যাচেই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা।
তারপর আরও তিনটি ম্যাচ খেলেছিলেন এই স্পিনার। কিন্তু ১৮ জানুয়ারি সিলেটে বোলিং করতে গিয়ে পড়ে যান আলিস। সিলেট সিক্সার্সের বিরুদ্ধে ম্যাচে এক ওভার বোলিং করেই মাঠ ত্যাগ করেছিলেন তিনি। সেই চোটের কারণে এখনও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারেননি আলিস। যদিও রিপোর্টেড হওয়ার ১৪ দিনের মধ্যেই বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সামনে পরীক্ষা দেয়ার কথা ছিল তার।
গতকাল আলিস সম্পর্কে জানতে চাইলে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য নাসির আহমেদ নাসু বলেছেন, ওর তো পায়ে ইনজুরি হয়েছে। তাই পরীক্ষা এখনো হয়নি।
বিপিএলের আগে ঢাকার নেটে বোলিং করে কোচ খালেদ মাহমুদের নজরে পড়েন আলিস। এবং ঢাকা দলভুক্ত করে তাকে। অভিষেকেই ২৬ রানে চার উইকেট পেয়েছিলেন এই তরুণ।