মগবাজারে বিস্ফোরণ: শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা

রাজধানীর মগবাজারে রবিবার (২৭ জুন) একটি ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আহতদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন আছেন তারা হলেন- নুরুন নবী (৩৫), ইমরান (২৫), রাসেল (২১), জাফর (৬১), কালু (৩৩), আবুল কালাম আজাদ (৫৫), পরিমল (৪২), নয়ন (৪০), মোতালেব (৪০), জাকির (৪০), স্বপন (৩৫), লাকী (২৬), মিহির (০৭), সৈকত (১৩), আলেয়া বেগম ও ৪০ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত দুইজন। 

এদিকে ঘটনার পরপর আহত প্রায় ২শ জনকে মগবাজারে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা. শাহ পরাণ। তিনি জানান, আহতদের মধ্যে যারা গুরুতর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাত ১০টার দিকে শেখ হাসিনা জাডীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, বার্ন ইউনিটে ভর্তি ১৭ জনের মধ্যে যে ৩ জনের অবস্থা আশংকাজনক তাদের ৯০ শতাংশের বেশি বার্ণ। আর বাকি ১৪ জনের বার্ন কম, তবে তাদের শরীরে কাটা, ছেড়া আছে। আর দুজনকে মৃত অবস্থায় বার্ণ ইউনিটে আনা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।


এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি। এদিন রাত দশটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান নগর পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এসজেড