বিস্ফোরণে যেসব ভবন ক্ষতিগ্রস্ত

রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৪টির মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বিস্ফোরণে ১২টি বাণিজ্যিক ভবন ও দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি যাত্রীবাহী বাস পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন
রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন, রাশমনো স্পেশালাইজড হাসপাতাল ভবন, নজরুল শিক্ষালয় ভবন, আড়ং শোরুম ভবন, বিশাল সেন্টার ভবন, ডম ইনো বাণিজ্যিক ভবন, বেস্ট বাই ভবন, বেঙ্গল ট্রেডস সেন্টার ভবন, ক্যালকাটা ড্রাই ক্লিনার্স সেন্টার, মগবাজার প্লাজা, হামদাদ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র, ভিশন এম্পোরিয়াম সেন্টার।

এসব ভবন প্রতিটিই বহুতল। প্রতিটি ভবনে একাধিক দোকানসহ বাণিজ্যিক অফিসের কার্যালয় রয়েছে। বিস্ফোরণে এসব দোকান ও অধিকাংশ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুটি আবাসিক ভবনের নাম জানা যায়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছি যে, গ্যাস বা গ্যাস জাতীয় কোনো জিনিস থেকে মগবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। 

এর আগে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের ঘটনাটি কোনো জঙ্গি নাশকতা নয়। এখানে বোমা বিস্ফোরিত হলে বোমার স্প্লিন্টারের আঘাতে বাসসহ আশপাশের লোকজন ক্ষতবিক্ষত হয়ে যেত। এটি নিশ্চিতভাবেই বলা যায় গ্যাসের বিস্ফোরণ।রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশাপাশের ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৭ জনের নিহতের খবর নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। আহতদের মধ্যে যারা গুরুতর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

ইত্তেফাক/এসজেড