যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত এবং বহির্বিশ্বে প্রবাসীদের অন্যতম মুখপত্র হিসাবে পরিচিত বাংলা ভাষার সংবাদপত্র ঠিকানা ৩২ বছরে পা রেখেছে। এ উপলক্ষে সম্প্রতি নিউইয়র্কের অভিজাত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। করোনা মহামারী কাটিয়ে বিপুল প্রবাসীর উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।
অনুষ্ঠানে ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন অতিথিদের স্বাগত জানান। তিনি প্রবাসীদের জন্য জাতীয় সংসদে ৩০টি আসন সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানান। এই দাবি আদায়ে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন বলেও জানান।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটের জন ল্যু ও লুইস সেপুলভেদা, অ্যাসেম্বলিম্যান জহরান মমদানি, অ্যাসেম্বলিওমেন জেনিফার রাজকুমার এবং নিউইয়র্ক সিটির নির্বাচনে মেয়র প্রার্থী অ্যান্ড্রু ইয়াং ও ক্যাথরিন গার্সিয়া।
অনুষ্ঠানে করোনা মহামারির সময় মানুষের পাশে থেকে যেসব ব্যক্তি সংগঠন সহায়তার হাত বাড়িয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ঠিকানার পক্ষ থেকে এমন ১৫ জন ব্যক্তি ও সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন ডা. প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এমডি, ডা. মাসুদুল হাসান, ডা. মোহম্মদ এম আলম এমডি, ডা. ফেরদৌস খন্দকার এমডি, জ্যাকসন হাইটস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহম্মদ আলম নমি এবং আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মোহম্মদ ইসমাইল।
অনুষ্ঠানের শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) এতে নৃত্য পরিবেশন করে। সংগীত পরিবেশন করেন গায়ক রুদ্রনীল দাস রুপাই ও অনুপ দাস।
ইত্তেফাক/এমআর