ইত্তেফাক রিপোর্ট
তৈরি পোশাকের উত্পাদন ব্যয় বাড়লেও ক্রেতারা সে অনুপাতে পোশাকের মূল্য বাড়াচ্ছে না। আইএলও তৈরি পোশাকের যৌক্তিক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখলে বাংলাদেশ উপকৃত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ।
গতকাল রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত আইএলও’র (আন্তর্জাতিক শ্রম সংস্থা) কান্ট্রি ডিরেকটর টুমো পোটেইনেন-এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন বেড়েছে, কারখানাগুলো নিরাপদ হয়েছে। দেশে একের পর এক গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে। আইএলও’র পরামর্শে শ্রম আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। তিনি বলেন, কারখানাগুলো আধুনিক ও নিরাপদ করতে মালিকদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে ব্যয় আরও বেড়েছে। কিন্তু সে অনুপাতে ক্রেতারা পোশাকের মূল্য বাড়াচ্ছে না। আইএলও’র কান্ট্রি ডিরেক্টর বলেন, তৈরি পোশাকের উত্পাদন ব্যয় বেড়েছে। তিনি বলেন, তৈরি পোশাকের মূল্য বৃদ্ধির বিষয়টি যৌক্তিক। বিজিএমইএ এবং বিকেএমইএ ক্রেতাদের নিয়ে তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি বিষয়ে আলোচনার উদ্যোগ নিলে আইএলও কারিগরি সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।