ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সাদিদ

২২ বছরের বাংলাদেশি তরুণ সাদিদ বিন হাসান পেলো দ্য ডায়ানা এ্যাওয়ার্ড। প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মরণে প্রতিষ্ঠিত দ্য ডায়ানা এ্যাওয়ার্ড নামের দাতব্য প্রতিষ্ঠান এ পুরস্কারটি দিয়েছে। এটি তাঁর দুই ছেলে- দ্য ডিউক অব ক্যামব্রিজ ও দ্য ডিউক অব সাসেক্সের সহযোগিতায় পরিচালিত হয়। নিজেকে ছাড়িয়ে যেতে দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং তা বজায় রাখার জন্য ডায়ানা পুরষ্কারে ভূষিত হলো সাদিদ।

গত তিন বছরে সাদিদ তার প্রতিষ্ঠান ক্রসরোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে এক লাখ শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে ও অনলাইনে পরামর্শ দিয়ে সহায়তা করেছে। সাদিদ আশা করে, ২০২৫ সালের মধ্যে সে দশ লাখ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে সহায়তা করবে। আজ অবধি ছাত্ররা তার নির্দেশনায় দশ লাখ ডলারের বেশি বৃত্তির টাকা অর্জন করেছে। সাদিদের জীবনের লক্ষ্য হলো প্রতিদিন আরো একজনকে সহায়তা করা।

দ্য ডায়ানা অ্যাওয়ার্ডের সিইও টেসি ওজো বলেন, "আমরা যুক্তরাজ্য এবং সারাবিশ্ব জুড়ে নতুন ডায়ানা অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানাই যারা প্রজন্মের জন্য চেঞ্জমেকার বা পরিবর্তনকারী। আমরা জানি এই সন্মান পেয়ে তারা আরও বেশি তরুণদের তাদের কমিউনিটির সাথে সম্পৃক্ত হতে এবং সক্রিয় নাগরিক হিসেবে তাদের নিজস্ব যাত্রা শুরু করতে উদ্বুদ্ধ করবে। বিশ বছরেরও বেশি সময় ধরে ডায়ানা এ্যাওয়ার্ড তরুণদের মূল্যায়ন ও বিনিয়োগ করেছে তাদের কমিউনিটির এবং অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন অব্যাহত রাখতে।"     

ইত্তেফাক/এসএ