পাবনা প্রতিনিধি
শনিবার রাতে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের উদ্যোগে দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক মরহুম আনোয়ারুল হকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি প্রায় ৫০ বছর ইত্তেফাকের পাবনা সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন মফস্বল সাংবাদিকতার অন্যতম পথিকৃত্, পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক, ক্লাবের সাবেক সভাপতি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্লাবের পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তিনি মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।
প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, মরহুম আনোয়ারুল হকের ভাই জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, অ্যাডভোকেট নাজমুল হক নান্নু, ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট মহিউদ্দিন, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, পাবনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।