ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় গতকাল রবিবার রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধাগণ। সেই সাথে মুক্তিযোদ্ধার তালিকা থেকে রাজাকারদের নাম বাদ ও ভাতা বন্ধের দাবিও করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, শৈলকুপা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে শৈলকুপায় যেসব রাজাকার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ হত্যা করেছে তার এখনো বহাল তবিয়তে আছে। আজো তাদের বিচার হয়নি। তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়। তারা অভিযোগ করেন রাজাকারদের কেউ কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। গেজেটে তাদের নাম উঠেছে। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছে রাজাকাররা। এটা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জাজনক। পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেন।