নামীদামি কোম্পানির মোড়কে ভেজাল ওষুধ সরবরাহ

নকল ওষুধ ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলেন— আব্দুস সোবহান ও তার ছেলে নাঈমুর রহমান তুষার, স্ত্রী নার্গিস বেগম, সহযোগী রিয়াজুল ইসলাম ওরফে মৃদুল ও ওয়াহিদ। গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণির ৩১/ই নম্বর বাড়ির নিচতলায় নকল ওষুধের কারখানা গড়ে তুলেছিল সোবহানের পরিবার। গতকাল রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন জানান, এই চক্রের হোতা আব্দুুস সোবহান। ভেজাল ওষুধ বানিয়ে বিভিন্ন নামীদামি ওষুধ কোম্পানির মোড়ক ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল এই চক্রটি। এছাড়া ওষুধ মেয়াদোত্তীর্ণ হলে তারা নিজেরা সিল লাগিয়ে মেয়াদ বর্ধিত করে। এই চক্র সাধারণত ছোটো ফার্মেসিতে সিন্ডিকেটের মাধ্যমে নকল ওষুধ সরবরাহ করে। শিশুদের দিয়ে অভিনব কৌশলে তারা এসব বহন করত। গ্রেফতার হওয়া সোবহান জানান, ফকিরাপুলের একটি প্রেস থেকে নামীদামি ওষুধ কোম্পানির  লেভেল ও প্যাকেট তৈরি করা হয়। এতে সহযোগিতা করে প্রিন্টিং প্রেস কর্মচারী ওয়াহেদ। প্রেস থেকে গ্রেফতার করা হয় ওয়াহেদকে। গতকাল তাদের আদালতে হাজির করা হয়। এরমধ্যে সোবহানকে তিন দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। চক্রে জড়িত অপর সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।