ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। বুধবার (৩০ জুন) বেলা ১১টায় রাজধানীর টিকাটুলির বয়েজ ক্লাব মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।
মেয়র তাপস বলেন, সাঈদ খোকনের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রতিক্রিয়া নেই। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। অন্য কোনো কথা থাকলে বলেন।
নগরবাসী জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সুফল আগামী বছর থেকে পাওয়া শুরু করবে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এবছর সে কাজের সুফল না পেলেও আগামী বছরগুলোতে নগরবাসী তা পাওয়া শুরু করবে। অবকাঠামো উন্নয়নে যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে, তা শেষ হলেই নগরবাসী ক্রমান্বয়ে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি লাভ করবে।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আপনারা আমার সাথে ঘুরে ঘুরে দেখছেন এবং নিশ্চয় অনুমান করতে পারছেন, উন্মুক্ত জায়গায় বর্জ্য ফেলাতে এবং যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখাতে বা প্লাস্টিক জাতীয় বোতলগুলো ফেলাতে, সেগুলো গিয়ে নর্দমার মুখগুলো বন্ধ করে দিচ্ছে এবং ভেতরে বদ্ধ হয়ে যাচ্ছে। ফলে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা দেখছি, সেগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি।
ইত্তেফাক/এমএএম