সেতু-নৌকা নেই, ভারতে নতুন বউকে কাঁধে তুলে নদী পেরোলেন বর

ভারতে বিহারের কিসানগঞ্জের বাসিন্দা শিবকুমার বিয়ে করতে গিয়েছিলেন নেপাল সীমান্তের সিংহীমারি গ্রামে। বিয়ের পরদিন সকালে নববধূ সুনীতাকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা হন। পাহাড়ী কনকই নদীতে হঠাৎই এদিন জলস্রোত বেড়ে যায়। শিবকুমাররা যখন বাড়ির উল্টো দিকের ঘাটে পৌঁছান, মাঝি জানিয়ে দেয়, এই জলে নৌকা টেনে নিয়ে যেতে পারবে না। তারপরেই ঝপ করে ঠিক করে ফেলেন সদ্য বিবাহিত যুবক- স্ত্রীকে কাঁধে নিয়েই নদী পার হবেন।

বুধবার (৩০ জুন) এসব জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, তখনো বরের পরনে বিয়ের শেরোয়ানি। পায়ে নতুন জুতো। নতুন বৌ সুনীতার পরনে বিয়ের জোড়। হাত বোঝাই চুড়ি ঝুনঝুন করছে চলার তালে তালে। তিনি আর বাধা দেবেন কী! পাড় ধরে চলতে চলতে চলতে শেষে মিললো নদীর সোঁতা। নদী সেখানে চওড়া মোটে কিলোমিটারখানেক, স্রোতও কম। সেই জল ঠেলে এক সময়ে তারা গিয়ে উঠলেন ওপারে বাড়ির কাছে। হইহই করে উঠলেন দাঁড়িয়ে থাকা লোকজন।

শিবকুমার বলেন, ‘কনকই নদীর গতিপ্রকৃতি ভাল না। কখন কী হবে, কেউ জানে না।’ তা হলে স্ত্রীকে কাঁধে নিলেন কেন? হাসছিলেন শিবকুমার। তার সঙ্গীরা তখন বলছেন, ‘ছেলে তো বিয়ের পরে প্রথম দিনই বাজিমাত করে দিল!’

ইত্তেফাক/এসএ