বিশ্বব্যাপী ৪ ফেব্রুয়ারি ক্যান্সার দিবস পালিত হয়। যার পরিপ্রেক্ষিতে ইউনাইটেড হসপিটালের ক্যান্সার সারভাইভারদের নিয়ে ৩ ফেব্রুয়ারি রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। “আমি পারি ও আমি পারবো” এই অঙ্গীকার নিয়ে ক্যান্সার রোগীরা একা নয়, এই প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রশিদ উন নবী, ডা. সৌমেন বসু ও ডা. অসীম কুমার সেনগুপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রায় জনা ত্রিশেক ক্যান্সার রোগী উপস্থিত ছিলেন, যাদের বক্তব্যে তাদের মনোবল ও সাহসিকতার সাথে রোগ মোকাবেলার গল্প ফুটে ওঠে এবং এর পাশাপাশি পারিবারিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় চিকিত্সকের ভূমিকার প্রয়োজনীয়তাও উঠে আসে।
ইউনাইটেড হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার ফাইজুর রহমান ক্যান্সারের চিকিত্সায় এই হাসপাতালের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। এই দেশের ক্যান্সার চিকিত্সায় ইউনাইটেড হসপিটাল সর্বপ্রথম পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দিচ্ছে বলে তিনি একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিফ অব কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার।