কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে ৯ বছরের এক শিশু তার প্রাইভেট শিক্ষকের হাতে খুন হয়েছে। গতকাল রবিবার ভোরে বস্তায় ভরে শিশুটির লাশ নিয়ে পালানোর সময় অভিযুক্ত শিক্ষক অংবাচিং মারমাকে হাতেনাতে আটক করা হয়। আটক শিক্ষক স্বীকার করেছেন যে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুটিকে খুন করেছেন তিনি। আজ সোমবার তাকে রাঙ্গামাটি কোর্টে চালান দেওয়া হবে বলে চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফ উদ্দিন জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়নের পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী মিতালী মারমা একই এলাকার অংবাচিং মারমা ওরফে বামং (৪৫) এর কাছে নিয়মিত প্রাইভেট পড়তো। গত শনিবার মিতালী আরো ৪ শিশু শিক্ষার্থীর সঙ্গে ঐ শিক্ষকের কাছে সকাল ৭টার সময় পড়তে যায়। নির্দিষ্ট সময়ে অন্যান্য শিক্ষার্থীরা বাড়ি ফিরে আসলেও মিতালী বাড়ি না আসায় তার বাবা সাথুই অং মারমা এবং মা মাথুইচিং মারমা প্রথমে প্রাইভেট শিক্ষকের বড়ি গিয়ে সন্তানের খোঁজ নেন। এসময় অংবাচিং মারমা জানান, মিতালী পড়ালেখায় একটু দুর্বল ছিল। তাই তাকে ৩০ মিনিট বেশি পড়ানো হয়। এরপর সে কোথায় গেছে সে জানে না।
শিক্ষকের এমন বক্তব্যে মিতালীর স্বজনদের সন্দেহ হলে তারা গোপনে শিক্ষকের গতিবিধির উপর নজর রাখেন। পাশাপাশি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সায়া মং মারমাকেও অবহিত করেন। গতকাল ভোর ৪টার সময় ঐ শিক্ষক বস্তায় ভরে মিতালীর লাশ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মিতালীর আত্মীয়-স্বজন অংবাচিং মারমাকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ গিয়ে ওই শিক্ষককে আটক করে। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে শত শত মানুষ মিতালীদের বাড়ি যায়। এসময় বাড়ি জুড়ে ছিল কান্নার রোল।
পুলিশের জিজ্ঞাসাবাদে শিক্ষক অংবাচিং মারমা জানান, অতিরিক্ত পড়ানোর কথা বলে মিতালীকে তিনি ঘরে রেখে দেন। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় জোরে চিত্কার দিলে তিনি গলায় সুতলি পেঁচিয়ে মিতালীকে হত্যা করেন। হত্যার পর লাশ বস্তায় ভরে তার ঘরের চালের উপর রেখে দেন।
চন্দ্রঘোনা থানার এসআই মোহাম্মদ ইস্রাফিল লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি আশরাফ উদ্দিন জানান। মিতালীর স্কুল পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রাইভেট পড়ানোর নামে অংবাচিং মারমা একটি অবুঝ শিশুর সঙ্গে পশুর মতো কাজ করেছেন। দ্রুত বিচারের মাধ্যমে ঐ ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়েছেন তারা। এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করবেন বলেও জানা গেছে।