চার দিনের সফরে বুধবার দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শমূলক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে আগামী বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর। ভারত সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একান্তে বৈঠক করবেন। এবারের জেসিসি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে আলোচনা করা হবে। পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে জানা গেছে।

সফর-সূচি অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী মোমেন আগামী বুধবার রাতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। সফরকালে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলে হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জি। বৃহস্পতিবার রাতে ভারতের গৃহায়ন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী হরদ্বীপ সিং পুরি আয়োজিত এক নৈশভোজে যোগদান করবেন তিনি।

পরদিন শুক্রবার সকালে জেসিসি বৈঠকে যোগদানের আগে তিনি ভারতের পররাষ্ট্র্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একান্তে বৈঠক করবেন। জেসিসি বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সুষমা স্বরাজ। সূত্র জানায়, পঞ্চম জেসিসি বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, কানেকটিভিটি (সংযোগ), সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও বিদ্যুত্ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে। এছাড়া এবারের জেসিসি বৈঠকে আগের বৈঠকগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়েও গুরুত্ব আরোপ করা হতে পারে। কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সফরে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

একই দিন পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারতের সাবেক প্রেসিডেন্ট ও ভারত রত্ন পুরস্কারপ্রাপ্ত প্রণব মুখার্জির সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করবেন। ওইদিন রাতে তার সম্মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন তিনি।