বেলজিয়াম বনাম ইতালি: কারা ফিরবে বাড়ি?

ইউরো চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। শিরোপা প্রত্যাশী দু’দলের যে কোন একটি দলকে আজই ফিরতে হবে বাড়িতে। আসরে এখন পর্যন্ত দারুণ ছন্দ দেখিয়েছে দু’দল। গতি, দলীয় শক্তিমত্তা আর মাঠের পারফরম্যান্স, সবমিলিয়ে দুই দলই বেশ ভারসাম্যপূর্ণ।

আজ রাতে মুখোমুখি লড়াইয়ে নামার আগে দু’দলের কিছু তথ্য জানা যাক। 

আন্তর্জাতিক টুর্নামেন্টে বেলজিয়াম এবং ইতালির মধ্যকার এটি ৫ম ম্যাচ। এর আগে দু’দলের ৪ ম্যাচের সবকটিই হয়েছিল গ্রুপপর্বে। ১৯৫৪ সালের বিশ্বকাপ এবং ১৯৮০, ২০০০ ও ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে মুখোমুখি হয় দু’দল। এবারই প্রথমবারের মতো নকআউটে মুখোমুখি হচ্ছে তারা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় আগের ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে ইতালি, অন্য ম্যাচটি হয়েছে ড্র। 

মেজর টুর্নামেন্টে ইতালি, ফ্রান্স এবং জার্মানির বিপক্ষে ৪ ম্যাচের ১টিতেও জয় পায় নি বেলজিয়াম। আর কোন দলের বিপক্ষে এমন বাজে রেকর্ড নেই তাদের। 

এ নিয়ে টানা ৪র্থবার ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠলো ইতালি। আগের ৩বারের সবক’টি ম্যাচই গড়ায় টাইব্রেকারে। এরমধ্যে ২টিতে হেরে বিদায় নিতে হয় ইতালিয়ানদেরকে। ২০১২ সালে একমাত্র কোয়ার্টার ম্যাচে তারা জয় পায় ইংল্যান্ডের বিপক্ষে। 

ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে সবশেষ ১৮ ম্যাচে মাত্র ১৩টি গোল হজম করে ইতালি। এরমধ্যে কেবল ১বারই ১ গোলের বেশি হজম করতে হয় তাদেরকে। 

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের সবশেষ ৮ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে বেলজিয়াম। সবশেষ ২০১৬ সালে ওয়েলসের বিপক্ষে হারতে হয় বেলজিয়ানদেরকে। 

টানা ৩১ ম্যাচে অপরাজিত ইতালিয়ানরা।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। অন্যদিকে ইতালি আছে ১০ নম্বরে। তবে র‌্যাংকিং কিংবা অতীত পরিসংখ্যান হাইভোল্টেজ ম্যাচে প্রভাব ফেলে খুব কমই। মাঠের ফুটবলে জয়টা তাদেরই, যারা বিগ ম্যাচের প্রেশারটা নিতে জানে।

ইত্তেফাক/এএএন