দায়িত্বে অবহেলার অভিযোগ
গাজীপুর প্রতিনিধি
এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে দায়িত্ব অবহেলার অভিযোগে রবিবার গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এমএ কুদ্দুছ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- গাজীপুর মহানগরীর বাঘিয়া মমিন উদ্দিন সরকার একাডেমির সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, মাহিন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক আফজালুল হক, আমবাগ নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণয় সরকার এবং একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. শাহীন আলম।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আবু নাসার উদ্দিন জানান, বহিষ্কৃতরা গাজীপুর মহনগরীর কোনাবাড়ি এমএ কুদ্দুছ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেন্যু-২ (কোনাবাড়ি ডিগ্রি কলেজ)-এর ৩নং ও ১০নং কক্ষে এসএসসি’র বাংলা-২য় পত্রের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। এসময় ওই কেন্দ্রে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসার শহর সমাজসেবা কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম দায়িত্বে অবহেলার কারণে ওই চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করেন। এ সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট বোর্ড ও অফিসে পাঠানো হয়েছে।