রূপগঞ্জে দারোগার পিস্তল ছিনতাই মামলার ৭ আসামি গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জে দারোগার গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার টেলাপাড়া এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটে স্বপন, নাহিদ, মাঝিপাড়া এলাকার রাসেল, শামিম মিয়া, মর্তুজাবাদ এলাকার কামাল, পাঁচাইখা এলাকার মেহেদী ও ইসমাইল। গত শনিবার (২৬ জানুয়ারি) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেলাপাড়া এলাকায় ছিনাতাইকারীদের আটক অভিযানের সময় ভুলতা ফাঁড়ির এসআই নাদির-উজ জামানের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার কাছ থেকে গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেয়। পর অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক। ঘটনার সময় হামলাকারীরা দারোগাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় দারোগা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।