ইত্তেফাক রিপোর্ট
চুরি হওয়া রিজার্ভের টাকা আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ফেরত পাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আদালতে সাত প্রতিষ্ঠান, ১৫ ব্যক্তি ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বছর তিনেকের মধ্যে টাকা ফেরত আসবে বলে আশা করা যায়। তবে বিভিন্ন পরিস্থিতিতে এ সময় কমতে বা বাড়তে পারে। এই মামলায় খরচ হবে ঘণ্টার হিসাবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজার্ভ চুরির তিন বছরের মাথায় মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার পেছনে অনেক বেশি সময় ব্যয় করা হয়েছে। বিভিন্ন তদন্ত ও রিপোর্ট কালেকশনে সময় ব্যয় হয়েছে। মূল অপরাধী ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক (আরসিবিসি) অবৈধভাবে এই টাকা চুরি করেছে এবং এই টাকা কোথায় কোথায় খরচ হয়েছে সেটা প্রমাণ হবে।
মামলায় কত টাকা খরচ হবে সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান জানান, এই মামলায় এ পর্যন্ত তিন কোটি টাকার বেশি খরচ হয়নি। এখানে খরচ মুখ্য নয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি করা হয়েছে। তিনি বলেন, মামলার বিষয়ে একটি টিম কাজ করছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ল’ ফার্মের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তাদের ঘণ্টা হিসাবে অর্থ পরিশোধ করা হবে। তবে ঘণ্টায় কত টাকা পরিশোধ করতে হবে তা জানাননি তিনি।