ফেসবুকে ফেক আইডির মাধ্যমে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা আত্মসাতের ঘটনায় প্রদীপ ঘোষ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৫ জুলাই) তালা উপজেলার ঘোষনগরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে আত্মসাৎকৃত নগদ ১০ লাখ ৯৭ হাজার টাকা ও বিভিন্ন ডকুমেন্টস উদ্ধার করা হয়। সে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর গ্রামের সুবোধ ঘোষের ছেলে ও পার্শ্ববর্তী কপিলমুনি বাজারের চা বিক্রেতা।
যশোর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদীপ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে সৌমদীপ ঘোষ (সুসান্ত ঘোষ) নাম পরিচয় দিয়ে একটি ফেক আইডি খুলে। এ সময় সে নিজেকে জার্মান প্রবাসী পরিচয় দিয়ে জমি ক্রয়ের কথা বলে প্রতারণার মাধ্যমে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা রীতা রাণী দাসের নিকট থেকে গত জুন মাসে বিভিন্ন তারিখ ও সময়ে নগদ, বিকাশ ও চেকের মাধ্যমে মোট ২০ লক্ষ ৩০ হাজার টাকা নেন। এ সময় প্রদীপ ঘোষ ঐ শিক্ষিকার কাছ থেকে জমির দলিল তৈরির নামে এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, স্বাক্ষরযুক্ত নন জুডিশিয়াল ব্ল্যাংক স্ট্যাম্প, স্বাক্ষরযুক্ত ৩টি চেক গ্রহণ করে। এরপর ঐ শিক্ষিকা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আত্মসাৎকৃত টাকাসহ অন্যান্য উপকরণগুলি উদ্ধারে ব্যর্থ হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন।
যশোর পুলিশ সুপার মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পণ করেন। পরে জেলা গোয়েন্দা শাখার একটি টিম তালার ঘোষনগরের নিজ বাড়ি থেকে প্রদীপকে গ্রেফতার করেন।
ইত্তেফাক/এমআর