হোটেলের মোগলাই-পরাটা খেয়ে জমজ ২ বোনের মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে হোটেলের মোগলাই-পরাটা খেয়ে স্বর্ণা ও শম্পা নামে জমজ দুই বোনের মৃত্যু অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণা ও বেলা দেড়টার দিকে শম্পা মারা যায়। মৃত দুজনই নবাবগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। এ ঘটনায় তাদের মা সহ দু’জন অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

জানা গেছে, সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান সুইটস থেকে সাদিকুল ইসলাম মোগলাই-পরাটা এনে পরিবারসহ খান। রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা ও শম্পা ও আত্মীয় সিফাত অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। শম্পা ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বাড়ি আসার পরই স্বর্ণা মারা যায়। অপরদিকে শম্পার অবস্থা আশঙ্কাজনক হলে মঙ্গলবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে দেড়টার দিকে সেও মারা যায়। 

আবাসিক মেডিকেল অফিসার নুরুন্নাহার জানান, সকাল ৯টায় স্বর্ণা মৃত অবস্থায় হাসপাতালে আসে ও শম্পা ‘ফুড পয়জন’ নিয়ে ভর্তি হয়। তবে হোটেল শাহজাহান সুইটসের মালিক জামাল উদ্দিন বিষয়টি অস্বীকার করেছেন। সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসজেড