মোজাহেদুল ইসলাম ঢেউ
‘প্রযুক্তির দক্ষতায় গড়ি আগামীর বুনিয়াদ’ এই শ্লোগান নিয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর মানবসম্পদ উন্নয়নে কাজ চলছে। গতকাল এডিএন এডু সার্ভিসেস লিমিটেডের বিগত বছরের প্রাপ্তি ও চলতি বছরের পরিকল্পনা জানাতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকার এ কথা বলেন।
গত ৩০ বছরেরও অধিক সময় ধরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এডিএন এডু সার্ভিস ২০১৭ সাল থেকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করছে। ইতোমধ্যে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের এডুকেশন পার্টনার হিসেবে কাজ করছে এডিএন এডু সার্ভিস।
অনুষ্ঠানে তপন কান্তি সরকার বলেন, ‘বাংলাদেশের একমাত্র অ্যান্ড্রয়েড অথরাইজড টেস্টিং সেন্টার হচ্ছে এডিএন এডু সার্ভিস। এছাড়াও ইসি কাউন্সিল, বিংচার্ড, কমসিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠিত সার্টিফিকেশন অথরিটির মনোনীত ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করছে এডিএন এডু সার্ভিস। এইসব অথরাইজেশনের ফলে বর্তমানে ব্লক চেইন, বিগ ডাটা, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, উইন্ডোজ সার্ভার, ইথিক্যাল হ্যাকিংসহ বিভিন্ন কোর্সের আন্তর্জাতিক মানের ভেন্ডর সার্টিফিকেশন প্রদান করা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এডিএন এডু সার্ভিস বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরটিও (রেজিস্টার্ড ট্রেনিং ওরগানাইজেশন) প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা বর্তমানে বাংলাদেশে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে এলআইসিটি প্রকল্পের আওতায় ট্রেনিং প্রদান করছি। গত বছর আমাদের প্রতিষ্ঠান হতে প্রায় ১৫০০ শিক্ষার্থী বিভিন্ন কোর্স সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। এডিএন এডু সার্ভিস ঢাকার বাইরেও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করতে চাই। আর এই অভিপ্রায়ে এপটেক ইন্টারন্যাশানালের বিভাগ ও জেলা পর্যায়ে ফ্রেঞ্চাইজি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় যেকোনো প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এপটেকের এই কোর্সগুলোতে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ আছে যার মাধ্যমে বাংলাদেশে ২ বছরের কোর্স শেষ করে সরাসরি লন্ডনের মিডল সেক্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।’
তথ্যপ্রযুক্তি সেক্টরে নতুন নতুন টেকনোলজি প্রতিদিন আসছে। এজন্য হাই এন্ডের বিভিন্ন কোর্স চলমান রয়েছে। এইসব কোর্সে দেশি ট্রেনারের পাশাপাশি বিদেশি ট্রেনাররাও ক্লাস নিবেন। আশাকরি আমাদের এইসব কার্যক্রমের ফলে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিএন গ্রুপের চিফ ডিজিটাল বিজনেস অ্যান্ড মার্কেটিং আফিসার রুহুল্লাহ রায়হান আল হুসাইন, এডিএন এডু সার্ভিসেস লিমিটেড এর হেড অব বিজনেস নুরুল আলম (সোহাইল) এবং সিনিয়র ফ্যাকাল্টি দীনেশ কুমার ইয়াদভ।