গুরুকে হারিয়ে শিষ্যের জয়

বিনোদন রিপোর্ট

 

টানা এক সপ্তাহের রোমাঞ্চের সমাপ্তি ঘটলো। গেল ৩ ফেব্রুয়ারি হয়ে গেল সেলিব্র্রেটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল) ২০১৯- এর ফাইনাল ম্যাচ। বিএফডিসিতে রোববার রাত ৮টায় অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গায়ক আসিফ আকবরের টিম।

ফাইনালে আসিফের বিপক্ষে ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। এ কথারই জানা যে জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের হাত ধরেই  মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছেন গায়ক আসিফ। তাই ফাইনালের লড়াইটা ছিল ব্যাট হাতে গুরু শিষ্যের লড়াই। আসিফের সঙ্গে মাঠে নামেন গায়ক আতিক বাবু। অন্যদিকে ইমনের সঙ্গী ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব। ৩ সেটের ম্যাচে প্রথম দুটিতেই জয় তুলে নেন আসিফ-আতিক। তৃতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচ জয়ের সাথে সাথেই বেজে ওঠে ব্যান্ড পার্টি, এফডিসি মেতে ওঠে আসিফ-আতিকের বিজয় ধ্বনিতে।

খেলা শেষে চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন আসিফ আকবর জানান, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার লক্ষ নিয়েই অংশ নিয়েছিলাম। অবশেষে সেটি সফল হওয়ায় ভালো লাগছে। এখানে সবাই খুব ভালো প্রতিপক্ষ ছিলো। বিশেষ করে ফাইনালে ইমন ভাই ও রাজীব তো দুর্দান্ত খেলেছেন। তারকাদের নিয়ে এই আয়োজন করার জন্য আমার ছোট ভাই লিমন আহমেদ ও নূর ক্রিয়েশনসকে ধন্যবাদ। খেলা চলছে, চলতেই থাকুক। প্রতিবছর আমি এই টুর্নামেন্ট চাই।’

 

আয়োজক কমিটির দুই সদস্য সাংবাদিক লিমন আহমেদ ও মুরাদ নূর জানান, মোট ১১টি ইনিংসের ৩৩টি ম্যাচ নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে প্রতিটি ম্যাচই ছিলো নকআউট। হার জিতের এই খেলায় অংশ নিয়েছেন ১২টি দলের মোট ৩০ জন খেলোয়ার।