শিল্পমন্ত্রীর সঙ্গে জার্মান চেম্বারের বৈঠক

শিল্পখাতের সম্ভাবনা কাজে লাগাতে পঞ্চাশ বছর মেয়াদি রূপরেখা প্রণয়নের প্রস্তাব

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে তৈরি পোশাকের মত চামড়া ও ইলেক্ট্রনিক শিল্পখাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে পঞ্চাশ বছর মেয়াদি একটি রূপরেখা প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) নেতারা। তারা বলেন, এ রূপরেখা অনুযায়ী খাতভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সরকারের ইশতেহার বাস্তবায়ন সম্ভব। এর মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিজিসিসিআই’র নেতারা গতকাল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে এ প্রস্তাব করেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের সভাপতি ওমর সাদাত, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোর্শেদসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম বৃহত্ ব্যবসায়িক অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যে ৬৭০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

বাংলাদেশে জ্ঞানভিত্তিক শিল্পায়নের অভিযাত্রা জোরদার করে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো যেতে পারে। তারা সরকারের ইশতেহারে ঘোষিত শিল্পখাতের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।