টানা জয়ে রিয়াল
স্পোর্টস ডেস্ক
অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল বেতিসের কাছে হারের ফলে লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ঘোচানোর সুযোগ হারিয়েছে। হারের পরেও পয়েন্ট তালিকায় বার্সাকে পেছনে ফেলার আশা ছাড়ছেন না অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। প্রতিযোগিতার অন্য ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা আগের দিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করায় এ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে এদিন বেতিসকে হারিয়ে পাঁচ পয়েন্টের ব্যবধানটাকে তিনে নামিয়ে আনার সুযোগ ছিল। বেতিসের মাঠ বেনিতো ভিয়ামারিনে সে সুযোগ তো নিতেই পারলো না রোজিব্ল্যাংকোরা, উল্টে হেরেই বসলো! ৬৫ মিনিটে বেতিসের জয়সূচক গোলটি আসে সার্জি কানালেসের পা থেকে।
এমন পরাজয়ের পরেও হতোদ্যম হচ্ছেন না অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। জানালেন এখনো পয়েন্ট তালিকায় বার্সাকে ধরে ফেলার ব্যাপারে আশাবাদী তিনি। সিমিওনের ভাষায়, ‘আমি সবসময়ই আশাবাদী, ভাগ্য ভালো যে বার্সেলোনা ড্র করেছিল এবং তারা আমাদের চেয়ে বেশি দূরে নয়।’
সিমিওনে আরও জানালেন লক্ষ্য অর্জনে কাঠখড় পোড়াতে প্রস্তুত তার দল। তিনি বলেন, ‘বার্সার সঙ্গে আমাদের দূরত্বটা বেশ, আর তাই কাজ করা চালিয়ে যেতে হবে আমাদের।’
অ্যাটলেটিকো না পারলেও রিয়াল মাদ্রিদ ঠিকই বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জয় তুলে নিয়েছে কোচ সান্তিয়াগো সোলারির দল।
৩০ মিনিটে করিম বেনজেমার লক্ষ্যভেদে এগিয়ে যাওয়া রিয়াল ব্যবধান বাড়ায় ৮০তম মিনিটে। গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ৯০ মিনিটে আলাভেসের কফিনে শেষ পেরেকটি ঠোকেন দলের তরুণ ফরোয়ার্ড মারিয়ানো দিয়াজ। তিন গোলের ব্যবধানে রিয়াল তুলে নেয় লিগে নিজেদের টানা চতুর্থ জয়টি।
জয়ের পরে কোচ সান্তিয়াগো সোলারি জানালেন তালিকার চূড়ায় থাকা বার্সাকে তাড়া করবে তার দল। সোলারির ভাষায়, ‘মাদ্রিদ শেষের আগে কখনো হাল ছাড়ে না, আমার চোখে সেই শেষটা হচ্ছে মৌসুমের শেষ ম্যাচটা।’
তিনি আরও বলেন, ‘পয়েন্ট তালিকায় দূরত্ব ঘোচানোর জন্য আমরা যথেষ্ট ক্ষুধা দেখিয়েছি এবং তা কমিয়েছিও। গত সপ্তাহেও এটা করেছি আমরা, তার আগের সপ্তাহেও! গাণিতিক হিসাবকে মাথায় না রেখে আমরা সবসময়ই জয়ের জন্যেই মাঠে নামি।’
রিয়ালের পয়েন্ট ব্যবধান ঘোচানোর ম্যাচে দলের তারকা ছিলেন তরুণ খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। শুধু একটি গোল করলেও পুরো ম্যাচ তার প্রাণবন্ত পদচারণা কুড়িয়েছে কোচের প্রশংসা। সোলারি বলেন, ‘দারুণ এক ম্যাচ খেলেছে সে, বার্নাব্যুর প্রশংসাও পেয়েছে সে। মাঠে হোক কিংবা অনুশীলনে, ভিনিসিয়াস দারুণভাবে প্রতিক্রিয়া দেখায়। তার আগমন ও নৈপুণ্যে আমরা বেশ খুশি এবং দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সমর্থন পাচ্ছে সে, যারা দারুণভাবে তাকে সাহায্য করে, তাকে ভালোবাসে।’