রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির রামগড়ে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর ছড়াছড়ি। দলটির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। অন্যদিকে নির্বাচন নিয়ে বিএনপি বা আঞ্চলিক দলের কোনো সাড়া দেখা যাচ্ছে না। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন পেয়ে মরিয়া হয়ে লড়ছেন। তারা জেলা নেতাদের দ্বারে দ্বারে ঘুরে তাদের মন জয়ের চেষ্টা তদবির করছেন। দলের এতদিন অবহেলিত কাউন্সিলরদেরও খাতির-যত্ন করা হচ্ছে মনোনয়নে সমর্থন পাওয়ার জন্য।
তথ্য অনুসন্ধানে জানা যায়, রামগড়কে মহকুমা থেকে উপজেলায় অবনমিত করার পর এ পর্যন্ত পাঁচবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী একবারও জয়লাভ করতে পারেনি। এবার নির্বাচনের ঘোষণা আসার সাথে সাথে আওয়ামী লীগের অসংখ্য প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেন। তবে এবার মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের বেশির ভাগই তরুণ। এদের মধ্যে রয়েছেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ ও ২০১৬ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী মোঃ রিয়াজ উদ্দিন রিপন। এ ছাড়া আওয়ামী লীগের অন্য সম্ভাব্য প্রার্থরীরা হচ্ছেন, রামগড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ শাহ আলম মজুমদার, পাতাছড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী নুরুল আলম (আলমগীর), উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী রফিকুল ইসলাম মিন্টু, আওয়ামী লীগে সদ্য যোগদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি মেম্বার করিমল হক মজুমদার।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদেও রয়েছে দলটির অনেক সম্ভাব্য প্রার্থী। এদের মধ্যে রয়েছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হক শিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম জিকু, পৌর আওয়ামী লীগের সদস্য শামছুদ্দিন মিলন, উপজেলা যুবলীগের সভাপতি প্রদেশ ত্রিপুরা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক ও পৌরসভার কাউন্সিলর বিষ্ণু দত্ত। এদিকে, দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা লবিং, তদবির, দৌড়ঝাঁপে ব্যতিব্যস্ত থাকলেও বিএনপি বা অন্যকোনো দল নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ নীরব ভূমিকায় রয়েছে। উপজেলা চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগকারী রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভুইয়া বলেন, ‘দল আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা এ ব্যাপারে আপাতত নীরব আছি। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ঐ নির্বাচনে বিএনপির মূল প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ভুইয়া চেয়ারম্যান, খাদিজা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান এবং যুবলীগের সভাপতি আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।