কালিয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, মাঠে নেই বিএনপি

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নড়াইলের কালিয়ায় বইতে শুরু করেছে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। আগামী মার্চ মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে কয়েক ধাপে এই নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দেওয়ার পরই শুরু হয়েছে তাদের দৌড়ঝাঁপ। এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলীয় মনোনয়ন পেতে তারা স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কাছে ভিড় জমাতে শুরু করেছেন।

কালিয়ায় আওয়ামী লীগের প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা ইমদাদুল হক, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ইকরামুল হক টুকু, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান শামীম রহমান ওছি, জেলা আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হারুনার রশীদ, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, নড়াইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ফারুকী ইমাম, কলাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েস, সালামাবাদ ইউপি চেয়ারম্যান এফএম শামীম আহম্মেদ, নড়াগাতি থানা যুবলীগের আহ্বায়ক ও নড়াইল জেলা পরিষদের সদস্য হাদীউজ্জামান হাদী, নড়াগাতি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাঐশোনা ইউপি চেয়ারম্যান শাহ্ মো. ফোরকান মোল্যা, পহরডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আহসান আলী লাবু সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শেখ তরিকুল আলম মন্নু, খাশিয়াল ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ শিকদার প্রমুখ।