চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের একটি বাসায় চুরির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা অনন্তুপুর থেকে মোঃ ইসমাইল ও কুমিল্লার চান্দিনা থেকে স্বর্ণ ব্যবসায়ী অমল দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময় পুলিশ তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপাসহ চুরির কাজে ব্যবহূত সরঞ্জামাদি উদ্ধার করে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করেন পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রবসহ অন্য পুলিশ সদস্যরা। চাঁদপুর মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের নিঝুম ভিলার নিচতলা হতে সাইফুল ইসলামের বাসার জানালা ও বারান্দার গ্রিল কেটে আলমিরা থেকে ২৬ ভরি স্বর্ণ, দুই ভরি রূপা, একটি ঘড়ি, একটি মোবাইল সেট ও দুই লাখ টাকা নিয়ে যায় চোর চক্র।