লাতিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই। মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। প্রতিবেশী দুই দেশের লড়াইটা শতবর্ষী, রাজনীতি থেকে গড়িয়েছে ফুটবল মাঠে। এমন একটা ম্যাচে লড়াইটা কেমন হতে পারে, তা টের পাওয়া যায়। এরইমধ্যে মাঠের বাইরের উত্তাপ শুরু হয়ে গেছে। দু’দলের ফুটবলার-কোচ মেতেছেন কথার লড়াইয়ে।
এ নিয়ে নিজের ৬ষ্ঠ আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামছেন লিওনেল মেসি। এর আগে ৫ বারই ব্যর্থ হয়েছেন। অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলার তিনি। অথচ তার হাতে একটি আন্তর্জাতিক ট্রফি নেই! তীরে এসে তরী ডোবার গল্পই রচিত হয়েছে বারবার। মেসি বারবারই বলেন, দেশের হয়ে একটি ট্রফি জেতাই তার প্রধান লক্ষ্য। ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টারের লক্ষ্য পূরণে বাধ সাধতে চায় ব্রাজিলিয়ানরা।
দেশটির সেন্টারব্যাক মার্কুইনোস বলেন, তার লক্ষ্য অর্জনে বাধা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। তাকে থামানোর চেষ্টা করবো। মেসির মতো আমাদেরও অনেক প্লেয়ার আছে যাদের একটি ট্রফি প্রাপ্য। যেমন নেইমার। গতবার সে ছিলো না। এবার আমরা তাকে একটা ট্রফি এনে দিতে চাই।
ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো বলেন, আর্জেন্টিনা মানেই কেবল মেসি নয়। আমরা শুধু তাকে নিয়ে ভাবছিনা। যেহেতু দলটা ফাইনালে উঠে এসেছে তার মানে ওরা দলগতভাবেই ভালো খেলছে। আমরা পুরো দলটাকেই আটকাতে চাই।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য কথার লড়াইয়ে যেতে চান নি। তিনি বলেন, আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হতে যাচ্ছি। লড়াইটা আজীবনের। লাতিন আমেরিকার সেরা দুইটা দল মুখোমুখি। আমি আশা করি, দারুণ একটা ম্যাচ দেখতে পাবেন।
ইত্তেফাক/এএএন