মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
রবিবার রাতে মিরপুরে ইউনানি ওষুধ খেয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার বহলবাড়ীয়া ইনিয়নের খাড়ারা এলাকার পলান শেখের ছেলে নুর মহাম্মদ(৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)। একই ওষুধ খেয়ে নবাব আলীও হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ ঘটনায় পল্লী চিকিত্সক রাজিবকে আটক করেছে পুলিশ। নবাব আলীর বাড়িতে ওই রাতে টেলিভিশন দেখতে যায় নুর মহাম্মদ। এ সময় কাশির জন্য দুই মাস আগে এনে রাখা ল্যাবরেটরির মেরী গোল্ড ইউনানি সিরাপ খান নুর মহাম্মদ, নবাব আলী এবং তার মেয়ে শামীমা। এক পর্যায়ে শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা যায়। মেরী গোল্ড ইউনানি সিরাপ খেয়েছিলো সে। এদিকে ওই একই ওষুধ খেয়ে মধ্যরাতে নুর মহাম্মদ অসুস্থ হয়ে পড়ে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এদিকে মধ্যরাতে অসুস্থ হয়ে হয়ে পড়ে নবাব আলী।
মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই এলাকার পল্লী চিকিত্সক ওই ওষুধ বিক্রেতা রাজিবকে আটক করা হয়েছে।