পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছা উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনি সদরের নগর শ্রীরামপুর গ্রামের আদিল কারিকার যাতায়াতের রাস্তা দখল করে চায়ের দোকান করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করলে আদিল কারিগর আনারুল গাজীকে হুমকি প্রদান করে। এ নিয়ে আনারুল গাজী ২৭ জানুয়ারি পাইকগাছা থানায় জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, আদিল কারিকারের নিকট থেকে ১৯৯১ সালের ৫ আগস্ট কবলামূলে জমি খরিদ করেন আনারুল গাজী। একইভাবে আদিল কারিকারের পিতা ঝড়ু কারিকারের নিকট থেকে আরো ৩/৪ শতক জমি কবলামূলে খরিদ করেন তিনি। এমতাবস্থায় মোট জমির মধ্যে পৌনে সাত শতক জমিতে পাকা ঘর নির্মাণ করে বসবাস করছেন আনারুল গাজী। উক্ত দলিলে পাঁচ হাত চওড়া ও ৬৫ হাত লম্বা পরিমাণ যাতায়াতের পথ উল্লেখ করে দলিল সম্পাদন হয়। আদিল কারিকার মৌখিক অনুমতি নিয়ে প্রধান সড়ক বরাবর চায়ের দোকান দেয়। বর্তমানে যাতায়াতের রাস্তাটি সরু হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে বাধা দিলেই আদিল ও তার স্ত্রী ছালেয়া গালিগালাজসহ আনারুলের পরিবারকে হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়িয়ে শায়েস্তা করার হুমকি প্রদান করে। এ বিষয় ঐ এলাকার হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু বলেন, বিষয়টি অনেকদিন ধরে শুনছি। কিন্তু আমার আদালতে আদিল কোনো সালিশ মানে না। সে জমি বিক্রি করে আবার দখলে থাকতে চায়।
পাইকগাছা থানার ওসি মোঃ এমাদাদুল সেখ বলেন, থানায় জিডি হয়েছে। আমি তদন্তেও পাঠিয়েছি। দুই চারদিনের ভিতর বিষয়টি পরিষ্কার হবে। এ বিষয় দখলদার আদিল কারিকার সাংবাদিক নাম শুনে কোনো কথা বলতে রাজি নয়। সে শুধু বলছে জমি আমার।