পুরো বিশ্ব বুঁদ হয়ে আছে ব্রাজিল-আর্জেন্টিনা তর্কে। বাদ যাচ্ছেন না বাংলাদেশের তারকা ক্রিকেটাররাও। সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কোপা আমেরিকার ফাইনাল দেখতে। ব্রাজিল-আর্জেন্টিনা ইস্যুতে বিভক্ত হয়ে যায় বাংলাদেশের ড্রেসিংরুমও। নিজ নিজ পছন্দের দল নিয়ে তর্কে-বিতর্কে মেতে ওঠেন সাকিব-তামিমরা।
যদিও জিম্বাবুয়েতে টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ দল। নিশ্চিতভাবেই অনেকে চোখ রাখবেন কোপার ফাইনালের দিকে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে যেমন একবার তার স্ত্রী উম্মে শিশির জানান, মেসির খেলা থাকলে সে সবকিছু ভুলে যায়। এমনকি আমাকেও। সে তখন কাউকে চেনে না।
মেসির প্রতি সাকিবের মুগ্ধতার কথা জানেন তার ভক্তরাও। তাইতো দু’জনকে পাশাপাশি বসিয়ে স্কেচ এঁকে দেন শিল্পীভক্ত।
সাকিব আর্জেন্টিনার পাঁড় ভক্ত। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে সমর্থনের কথা অনেকবার বলেছেন তিনি। একবার একটি টিভি শো’তে টাইগার তারকাকে প্রশ্ন করা হয়, চাঁদে যদি নিজের স্ত্রী ছাড়া আরেকজনকে নেয়া যায় আপনি কাকে নেবেন? একমুহুর্ত না ভেবে সাকিব জবাব দেন, লিওনেল মেসিকে।
বিভিন্ন সময়ে লিওনেল মেসির জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে সাকিবকে।
বাংলাদেশ ক্রিকেট দলের অবিসংবাদিত অধিনায়ক মাশরাফি বিন মর্ত্তুজাও আর্জেন্টিনার সমর্থক। বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন লাতিন দেশটির প্রতি তার সমর্থনের কথা। গেল বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে গলা ফাটিয়েছেন ম্যাশ।
নিশ্চিতভাবেই কাল ভোরে কোপা আমেরিকার ফাইনালেও মেসি-দি মারিয়াদেরকে সমর্থন দেবেন মাশরাফি।
তবে বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ব্রাজিলের সমর্থক। মাশরাফির সঙ্গে গত বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ইস্যুতে তর্কে মেতে উঠতে দেখা গেছে তাকে। ব্রাজিলের জার্সিতে তার ছবিও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইত্তেফাক/এএএন