মিরাজের ফাঁদে পড়ে এবারও সেঞ্চুরি মিস টেইলরের

১ম ইনিংসেও দারুণ খেলছিলেন জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেইলর। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৮১ রানে তাকে থামান অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। 

দলের ২য় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি। এবার আরো ভয়ংকর টেইলর। বাংলাদেশের বোলারদের ওপর তান্ডব চালানো শুরু করেছিলেন। একের পর এক বাউন্ডারিতে বিধ্বস্ত করলেন টাইগার বোলারদের।

এবারও তাকে থামাতে এগিয়ে এলেন মিরাজ। টেইলরের ৭৩ বলে ৯২ রানের ক্যামিও ইনিংসটি থামে মিরাজের শিকার হয়ে। 

একই টেস্টে পরপর ২ ইনিংসে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও করতে পারলেন না টেইলর। তার দলও পড়েছে বিপদে। 

বাংলাদেশের রানপাহাড়ে চাপা পড়েছে জিম্বাবুয়ে। ১ম ইনিংসে ৪৬৮ রানের পর ২য় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে মুমিনুল হক বাহিনী। তাতে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়িয়েছে ৪৭৭ রান। এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে। দেখার অপেক্ষা, নিজেদের মাটিতে জিম্বাবুয়ে কতদূর যেতে পারে!

ইত্তেফাক/এএএন