জবির ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিবদমান শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে চার শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। সাময়িক বহিষ্কৃত থাকা অবস্থায় শিক্ষার্থীবৃন্দ কোনো ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। গতকাল সোমবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মোঃ শাহরিয়ার রহমান শান্ত, গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম তুহিন, অর্থনীতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মেহেদী হাসান এবং সিএসই বিভাগের আশরাফুল আল রিফাত।

দুস্থদের মাঝে জবি রোভারের

বস্ত্র বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সহায়তা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রদানকৃত স্বেচ্ছাপ্রণোদিত অর্থের মাধ্যমে প্রায় ২০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার; রোভার স্কাউট লিডার ড. মোঃ মনিরুজ্জামান, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোঃ শেখ সাদ আল জাবের শুভ, রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বস্ত্র বিতরণ উপকমিটির আহবায়ক মোঃ এনামুল হাসান কাওছার ও দীক্ষা প্রাপ্ত রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।