অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের রেলওয়ে কলোনিগুলোতে বেহাল অবস্থা বিরাজ করছে। কলোনির ড্রেনগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ড্রেনের পচা দুর্গন্ধযুক্ত পানি এলাকার পরিবেশ দূষিত করছে। আবর্জনা ফেলার কোনো নির্ধারিত স্থান না থাকায় কলোনিবাসী যেখানে-সেখানে আবর্জনা ফেলছে। সামান্য বৃষ্টি হলে কলোনির রাস্তায় এক হাঁটু পানি জমে। এই পানি দীর্ঘস্থায়ী হওয়ায় জনদুর্ভোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। অপরিচ্ছন্ন থাকার ফলে কলোনিতে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হয়। এ ব্যাপারে রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকোশলী (কার্য) মোঃ জুয়েল হোসাইন জানান, রেলওয়ের কলোনি এলাকার আবর্জনা অপসারণের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।
পৌর মেয়র শফি আলম ইউনুছ জানান, রেল কলোনির মধ্য দিয়ে সংযোগ সড়কটির পাশে দিনের পর দিন আবর্জনা ফেলা হচ্ছে। কলোনির মধ্য দিয়ে গাড়ি প্রবেশের কোনো ব্যবস্থা না থাকায় আবর্জনা অপসারণ করা যাচ্ছে না। তাছাড়া রেল কলোনির আবর্জনা ফেলার নির্ধারিত কোনো স্থান নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।