বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার শতাধিক

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীসহ শতাধিক গ্রেফতার হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

খুলনা: খুলনায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মহানগরীসহ জেলার নয় থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ফেনী: সোমবার ফেনীর ছাগলনাইয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ছাগলনাইয়া থানার ওসি এম এম মুর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে চার মাদক ব্যবসায়ীসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ফেনসিডিল ও ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সুনামগঞ্জ: রবিবার রাতে সুনামগঞ্জে ইয়াবার চালানসহ নর্থ ইস্ট আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, সদর উপজেলার ধোপাখালী থেকে এসআই আবদুল হান্নানের নেতৃত্বে ৯০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

ঝিকরগাছা: ঝিকরগাছায় এক কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি। রবিবার যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি থেকে আটক হওয়া মাদক ব্যবসায়ীকে সোমবার আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, ঝিকরগাছার কলাগাছিতে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ওই গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বাস থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।

বাঘা (রাজশাহী): রবিবার রাতে বাঘায় পাঁচ লিটার বাংলা মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক  কালাম। বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল ওহাব জানান, মাদক বিক্রির অভিযোগে কালাম এবং সেবনের অপরাধে আটক তিনজনের নামে মামলা দিয়ে সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার): রবিবার রাতে কমলগঞ্জে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাগলনাইয়া (ফেনী): সোমবার সকালে ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের শান্তির বাজার থেকে লবণ বোঝাই একটি ট্রাক থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো ট্রাকের চালক মো. হারুনুর রশিদ প্রকাশ হারিছ ও হেলপার মো. ছিদ্দিক মিয়া। ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম লবণ বোঝাই একটি ট্রাক থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাট: সোমবার পৌরসভার থানা পাড়া এলাকা থেকে গতকাল ইয়াবার বিকল্প ৪২০ পিচ (টাপেন্টা) নেশার ট্যাবলেটসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান মণ্ডলকে আটক করে সদর থানা পুলিশ। আটক আশরাফুজ্জামান মণ্ডল পৌরসভার পূর্ব থানা পাড়া এলাকার মৃত মুর্ত্তুজা মণ্ডলের পুত্র এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি।