সিলেট অফিস
সিলেট নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো শ্রেষ্ঠ প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতা। শুক্রবার রাতে ভর্তি দর্শকদের উপস্থিতিতে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়। অনুষ্ঠানে লাল ও সবুজ দুইটি বিভাগের সেরা ২০ প্রতিযোগীর মধ্যে লাল দলের হয়ে শ্রেষ্ঠ প্রতিযোগীর পুরস্কার গ্রহণ করে ইসরাস জাহান শোভা। সবুজ দলে সেরাদের সেরা হয় সুজিত বৈষ্ণব সুনামগঞ্জের প্রতিযোগী। প্রথমবারের মত ব্যতিক্রমী আয়োজনে সেরাদের হাতে গ্র্যান্ড ফাইনালের পুরস্কার তুলে দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সন্ধ্যায় অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে নৃত্য পরিবেশন করে বুদ্ধি প্রতিবন্ধীদের সংগঠন সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সংগঠন রাগীব-রাবেয়া ইনস্টিটিউট। উদ্বোধনী পর্বে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রতিবন্ধী সংগঠনের হাতে স্মারক তুলে দেন।
গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর আয়োজনে, বেঙ্গল এ্যাডভাটিজিং এর সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিল সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় সেরা ২০ এর মধ্যে দুইটি বিভাগের ছয়জন প্রতিযোগী কণ্ঠ যুদ্ধে অংশ নেয়। দর্শকের মুহুর্মুহু করতালিতে অডিটোরিয়াম হল ছিল প্রাণবন্ত।