যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি আবাসিক বাড়ির ছাদে বিমান বিধ্বস্ত হয়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। বিমানটি বিধ্বস্ত হবার পর বাড়িটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে জানান, ডাবল ইঞ্জিনের একটি ছোট বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি ওই বাড়িটির উপর আছড়ে পড়ে। মুহুর্তেই সেটিতে আগুন লেগে যায়। স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়নে কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে ত্রুটি আছে বলে বুঝতে পারেন পাইলট। তবে তখন বিমানবন্দরে ফিরে যাবার মতো পরিস্থিতি ছিল না। বিমানটিতে চালক একাই ছিলেন। ঘটনার শিকার বাড়িটিতে দুইজন পুরুষ ও দুইজন নারী সদস্য ছিলেন। আগুনে পুড়ে তাদের সবাই মারা যান। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুনে ওই বাড়ির পাশে থাকা দুজন আংশিক পুড়ে যান। তাদের বার্ন ইউনিটে চিকিত্সা দেওয়া হচ্ছে।
বিবিসিকে ইয়র্বা এলাকার একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিমানটি বিধস্ত হওয়ার আগে তীক্ষ্ন একটা আওয়াজ শোনা যায়। এক পর্যায়ে দেখি উপর থেকে কী যেন একটা পড়ছে এবং ঘুরতে ঘুরতে তা আমাদের বাড়ির সামনে এসে পড়লো। এই দৃশ্য দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।