খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন জালিয়াপাড়ায় নাসির স্মৃতি কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে হাফছড়ি ইউপির উদ্যোগে পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিন্দুকছড়ি জোনের অধিনায়ক রুবায়েত মাহমুদ হাসিব বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব। তাই সমাজে খেলাধুলার আয়োজন সবসময় অব্যাহত রাখা উচিত। ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন সামিউল ইসলাম সৌখিন, থানার অফিসার ইনচার্জ বিদ্যুত্ কুমার বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়। ফাইনালে ওঠে ‘জালিয়াপাড়া কাবাডি কিংস’ এবং ‘গুইমারা উপজেলা সিএনজি সমিতি’ দল। প্রতিযোগিতায় জালিয়াপাড়া কাবাডি কিংস ৪৯ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়।