ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো লেসতারি প্রিয়ানসারি মারসুদি বলেছেন, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামের আওতায় রোহিঙ্গা সংকট নিরসনে আরো কার্যকর ভূমিকা রাখবে তার দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান) বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরো বেশি সম্পৃক্ত হবে। গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জাতীয় সংসদ ভবনে বৈঠককালে তিনি এ কথা বলেন। এ সময় ইন্দোনেশিয়ার মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট বিষয়ে আলোচনা এ মাসেই শুরু হচ্ছে জেনে দুই দেশের মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে। এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বঙ্গবন্ধু স্যাটেলাইটে ক্যারিয়ার মনিটরিং সিস্টেম স্থাপনের জন্য ইন্দোনেশিয়ার সরকারের অনুমোদন ত্বরান্বিত করার জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রীকে অনুরোধ করেন আব্দুল মোমেন। এ মনিটরিং সিস্টেম কার্যকর হলে এ অঞ্চলের বিভিন্ন দেশের জনগণ স্যাটেলাইট কেন্দ্রিক নানা ধরনের সুবিধা পাবে।