কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের আট যাত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না-মঞ্জুর করেছে আদালত। এ মামলার চার্জ গঠনে ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলী আকবর এ আদেশ দেন।
খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু সাংবাদিকদের জানান, একই ঘটনায় নাশকতার মামলায় গত ২৭ জানুয়ারি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ হতে মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছে। তবে ওই ঘটনায় হত্যা মামলায় কুমিল্লার আদালতে বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রাষ্ট্র্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চার দফা পিছিয়ে আদালত ৪ ফেব্রুয়ারি ধার্য করেছিল। এ ছাড়া ৪ ফেব্রুয়ারির মধ্যে এ আবেদনটি নিষ্পত্তির জন্য হাইকোর্টেরও নির্দেশনা ছিল। তিনি আরো বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি, সহসাই আমরা উচ্চ আদালতে তার (খালেদা জিয়া) জামিন চাইব।’
কুমিল্লার আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের জানান, রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত বেগম খালেদা জিয়ার জামিন আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দেয়। আদেশে আদালত তার (খালেদা জিয়া) জামিন আবেদন না-মঞ্জুর করেছে এবং এ মামলার চার্জ গঠনের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে বাসের আট যাত্রী মারা যান। এ ঘটনায় পুলিশ ৭৭ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় হত্যা ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে।