পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে চট্টগ্রামে ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ

চট্টগ্রাম অফিস

পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা গতকাল শনিবার  মিছিল ও সমাবেশ করেছে। নগরীর নিউমার্কেট সংলগ্ন সংগঠনের কার্যালয়  প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের নগর সভাপতি আরিফ মঈনুদ্দিন, সহ-সভাপতি দীপা মজুমদার ও সাধারণ সম্পাদক জয়তু সুশীল।

নেতৃবৃন্দ বলেন, আগামীকাল (আজ) থেকে সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক সমাপনী বা পিইসি পরীক্ষা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মতামত অবহেলা করে এই পরীক্ষা বছরের পর বছর শিশুদের স্বাভাবিক শৈশব কেড়ে নিচ্ছে। আমাদের সংগঠন সারাদেশে এই পরীক্ষা বাতিলের দাবিতে নানা আয়োজনে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু কোচিং ও গাইড বই নির্ভর এই পরীক্ষা পদ্ধতি বাতিল করার জন্য সরকারের কোনো উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না।