৭ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলেছেন ডা. কাদের

রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের এক চিকিত্সক প্রায় ৭ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি মেডিক্যাল কলেজের অর্থো-সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তার নাম ডা. মো. আব্দুল কাদের (কোড নং-৪২২৬৮)।

দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত এক অভিযোগের প্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট টিম গতকাল সোমবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে অভিযান চালিয়ে এ দুর্নীতির প্রমাণ পেয়েছে। দুদক মহাপরিচালক মুহাম্মাদ মুনীর চৌধুরীর (প্রশাসন) নির্দেশে পরিচালক শফিকুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের টিম এ অভিযান চালায়।

সরেজমিনে দুদক টিম দেখে, ডা. আব্দুল কাদের স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী-তে ওএসডি থাকা অবস্থায় নড়াইল সদর হাসপাতালে সংযুক্ত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত বছরের ১৯ জুলাই তাকে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজে বদলি করে। তিনি অদ্যাবধি সেখানে যোগদান না করেই সরকারি বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন। দুদক টিম জানতে পারে, বদলির আদেশ বাতিল করার জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি আবেদন দিয়েছিলেন, কিন্তু সে আবেদন গৃহীত হয়েছে কী-না সেটি নিশ্চিত না হয়েই তিনি ছয় মাসেরও বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তাত্ক্ষণিকভাবে উক্ত চিকিত্সকের নিকট ব্যাখ্যা তলব করেন।

মুহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সরকারি পদে বহাল থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং জনগণকে সেবা না দিয়ে বেতন-ভাতা তোলা সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।