যৌন হয়রানির অভিযোগে সাংবাদিক গ্রেফতার

এক নারী সহকর্মীর করা যৌন হয়রানির অভিযোগে বেসরকারি একুশে টেলিভিশনের (ইটিভি) প্রধান প্রতিবেদক এমএম সেকান্দারকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার গভীর রাতে সেকান্দারকে তার বনশ্রীর বাসা থেকে র্যাব-২ এর একটি দল গ্রেপ্তার করে। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সেকেন্দারের এক নারী সহকর্মীর কাছ থেকে যৌন হয়রানির অভিযোগ তারা পান। এরপর ভোরে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার সেকেন্দারকে হাতিরঝিল থানায় হস্তান্তর করার পর দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন ওই নারী। হাতিরঝিল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম বলেন, গত ২৭ জানুয়ারি হাতিরঝিল এলাকায় গাড়ির মধ্যে যৌন হয়রানির চেষ্টা চালানোর অভিযোগ করে সেকন্দারের বিরুদ্ধে মামলা করেছেন তার এক সহকর্মী। তিনি জানান, ওই নারী টেলিভিশনের শিক্ষানবীশ কর্মী। শারীরিক সম্পর্ক না করলে চাকরি স্থায়ী হবে না বলে সেকেন্দার হুমকি দিয়ে আসছিলেন।

পরে সাংবাদিক সেকেন্দারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ডের আবেদন করে। শুনানি নিয়ে বিচারক সত্যব্রত শিকদার তাকে দুই দিনের রিমান্ডে পাঠান। এদিকে সেকেন্দারের স্ত্রী নিলুফার ইয়াসমিন পুরো ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ দাবি করে সাংবাদিকদের বলেন, ‘চাকরি ছাড়তে আমার স্বামীকে চাপ দেওয়ার পাশাপাশি তাকে ফাঁসাতে বিভিন্ন মেয়েকে দিয়ে চাকরি চাওয়ার কথা বলে ফোন করা হচ্ছিল। কয়েকদিন আগে তার ফেসবুক হ্যাক করা হয় এবং বিভিন্ন পোস্ট দেওয়া হয়, যা ষড়যন্ত্রের অংশ।’