সুপ্রিম কোর্টের রায়কে ‘গণতন্ত্রের জয়’ বললেন মমতা

কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে এখনই গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সেই রায়কে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এই রায় গণতন্ত্রের জয়’। 

 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তবে ধরনা তোলা হবে কিনা, সে বিষয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গিয়েছিল সিবিআইয়ের প্রতিনিধি দল। তখন সিবিআই কর্মকর্তাদের পুলিশ কমিশনারের বাড়িতে প্রবেশে বাধা দেয়া হয়। পরে সেখানে উপস্থিত পুলিশকর্মীরা সিবিআই কর্মকর্তাদের আটক করে থানায় নিয়ে যান। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরো পড়ুন : ইসলামবিরোধী বই লিখতে গিয়ে মুসলিম হলেন ডাচ এমপি

এরপরেই রাজীব কুমারের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই রাতে ধর্মতলার মেট্র চ্যানেলে অনশনে বসেন তিনি। সিবিআই কর্মকর্তাদের বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করে। আজ শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, এখনই রাজীব কুমারকে গ্রেফতার বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কলকাতার পুলিশকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এনডিটিভি

 

ইত্তেফাক/ইউবি