ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট শুরু হয়েছে। গত ২ জুলাই ‘ল্যাব টেকনিশিয়ানের অভাবে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধে ভোগান্তি’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশিত হয়।
এরপরে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ৪ জুলাই ভাণ্ডারিয়া, ইন্দুরকানী ও কাউখালী উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির জরুরি সভার আয়োজন করেন। সভায় তিনি ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সবাইকে দ্রুত হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা চালুর জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া করোনা টেস্ট চালুর জন্য বলেন তিনি। করোনা রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা দিতে হাসপাতালে সরঞ্জাম ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করেন আনোয়ার হোসেন মঞ্জু।
তারপর থেকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট চালু করে স্বাস্থ্য বিভাগ। ফলে গত চারদিন ধরে নিয়মিত টেস্ট করা হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিরা করোনার নমুনা দিয়ে স্বল্প সময়ের মধ্যে টেস্টের রিপোর্ট পেয়ে যাচ্ছেন। হাসপাতালের বহির্বিভাগে করোনা পজিটিভ রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে।
ইন্দুরকানী হাসপাতালে করোনার টেস্ট করতে চন্ডিপুর থেকে আসা সিরাজুল ইসলাম টিটু বলেন, কোনো জটিলতা ছাড়াই অল্প সময়ে আমার মায়ের টেস্ট করাতে পেরে খুব আনন্দিত। এ ধরণের ব্যবস্থা করায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে ধন্যবাদ।’ পাড়েরহাট থেকে আসা মামুন হোসেন বলেন, ‘খুব সুন্দর পরিবেশে এখানে টেস্ট করা হচ্ছে। এতো সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য স্বাস্থ্য বিভাগ ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর প্রতি আমরা কৃতজ্ঞ।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিন উল ইসলাম জানান, এতদিন এ হাসপাতালে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট করার ব্যবস্থা ছিল না। ব্র্যাকের একজন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে আমরা টেস্ট চালু করেছি। এখানে একজন সরকারি ল্যাব টেকনিশিয়ান খুব প্রয়োজন। গত চারদিন ধরে আমার এ ধরনের টেস্ট করা শুরু করেছি। প্রতিদিন দুপুর ১২ থেকো ১ টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হচ্ছে। যাদের পজিটিভ আসছে তাদেরকে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং পরামর্শ দিচ্ছি। এক্ষেত্রে আমাদের স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহযোগিতা প্রদান করছেন।
করোনার টেস্টের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এখানে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গত দুইদিনে প্রায় চারশো ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি