মোংলায় হাতেনাতে তিন চোর আটক

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মোংলায় গ্রিল কেটে ঘরে চুরির সময় তিন চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত শুক্রবার সন্ধ্যায় মামলা দায়েরের পর শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোলায়ীরমাঠ এলাকার আঃ সালাম গাজীর বসতঘরের জানালার গ্রিল কেটে চোরেরা ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে ওই চোরদের হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয় লোকজন তাদেরকে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে এই তিন চোরকে আটক করে। এদের কাছ থেকে লোহার শাবল, দাসহ চুরির কাজে ব্যবহূত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলো— পৌরসভার জয়বাংলা এলাকার হানিফ হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (২০), শহিদুল হোসেনের ছেলে আমির হোসেন (১৯) ও মিয়াপাড়ার তৈয়ব আলীর ছেলে আল আমিন (২২)।

এদিকে,  সমপ্রতি শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার বাড়িঘরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ধরা পড়া চোর দেখার জন্য সন্ধ্যায় থানা চত্বরে উত্সুক জনতার ভিড় জমে যায়।