আট মাসের অচলাবস্থার পর লেবাননের নতুন জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রীর পদ পেয়েছে হিজবুল্লাহ। এই পদ পাওয়ার মাধ্যমে মন্ত্রিসভার সর্বমোট তিনটি পদ দখল করেছে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ। সোমবার (৪ ফেব্রুয়ারি) পদ পাওয়ার পর এই শিয়া গোষ্ঠী জানায়, নিজেদের স্বার্থে তারা কখনও রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করবে না হিজবুল্লাহ। নতুন জোট সরকারে সম্পৃক্ত হওয়ায় পদটি বেছে নিয়েছে তারা। তবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি সংগঠনটির সদস্য নন'।
দেশটির নতুন জোট সরকারের নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর পদে ডা. জামিল জাবাককে মনোনয়ন দিয়েছে হিজবুল্লাহ। স্বাস্থ্যমন্ত্রীর পদে মনোনয়ন পাওয়া জাবাকের বিষয়ে হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ বলেন, 'আমরা যাকে স্বাস্থ্যমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছি, তিনি আমাদের সংগঠনের সদস্য নন। কাজেই কাজ চালিয়ে যেতে ও অবাধ ভ্রমণে তার কোনো অসুবিধা হওয়ার কথা না'।
নাসরাল্লাহ আরও বলেন, 'জাবাক আমাদের ভাই ও বন্ধু। তিনি আমাদের খুবই ঘনিষ্ঠ ও আস্থাভাজন। তাকে এমন একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে, যাতে লেবাননের সব মানুষ সুবিধা পেতে পারেন। তিনি লেবাননের আপামর জনতার মন্ত্রী'। ইসলামী আইন অনুসারে নিজস্ব কাজে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের কোনো সুযোগ নেই বলে জানান এই হিজবুল্লাহ নেতা। তিনি বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অর্থ অপচয়ের বিরুদ্ধে অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার।
আরও পড়ুন: গিনিতে সোনার খনি ধসে নিহত ১৭
এদিকে ভারী অস্ত্রসমৃদ্ধ সংগঠন হিজবুল্লাহকে ইতিমধ্যে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ কারণেই লেবাননের নতুন সরকারকে সংগঠনটি থেকে কোনো সাহায্য না নেওয়ার অনুরোধও করেছে ওয়াশিংটন। এই প্রথম দেশটির কোনো বড় বাজেটের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে ভারী অস্ত্রসমৃদ্ধ এই সংগঠনটি।
ইত্তেফাক/জেডএইচডি