৩ ম্যাচ সিরিজের ১ম ওয়ানডেতে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। যদিও কাগজে-কলমে কিংবা পরিসংখ্যানে বেশ এগিয়ে বাংলাদেশ, তারপরও অনিশ্চয়তার ক্রিকেটে নির্ভার থাকছে না টাইগাররা। তারওপর দলের গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকের অনুপস্থিতি, মুস্তাফিজের ইনজুরি ও সাকিব আল হাসানের ফর্মহীনতা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
মুশফিক না থাকায় ব্যাটিং অর্ডার সাজানো নিয়ে কিছুটা হলেও চিন্তাগ্রস্থ টিম ম্যানেজমেন্ট। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম যেমন বলতে পারলেন না কে কোথায় খেলবেন!
তিনি বলেন, ‘ব্যাটিং অর্ডার নিয়ে মনে হয় না আলোচনার বেশি কিছু আছে। এটা এমন এক জিনিস যা দলের জন্য যেভাবে ভালো সেভাবেই সাজানো হয়। লিটন যদি মনে করি চারে খেলবে তাহলে খেলবে, যদি মনে করি ওপেন করবে, করবে।’
মূল সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন পেসার মুস্তাফিজুর রহমান। ১ম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে তামিম বলেন, ‘ওকে ফিজিও দেখছে। ওর খেলার সুযোগ ফিফটি ফিফটি। আজকে আরও ভালোভাবে বুঝতে পারব। তবে এই মুহূর্তে ফিফটি ফিফটি।’
তামিম নিজেও এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তিনি বলেন, ‘আমার চোট এমন পর্যায়ে আছে যে এটা দ্রুত সেরে তোলা যাবে না। এমন নয় যে ৫-৬ দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ফিজিও একটা প্ল্যান দিয়েছে। যাদের মেইল করা দরকার তাদেরকে করা হয়েছে। তারা বলেছে পুরোপুরি সেরে উঠতে একটু সময় নিবে। এখন ম্যানেজ করার চেষ্টা করছি, ঝুঁকিমুক্ত থেকে ম্যানেজ করে যতটুকু খেলা সম্ভব। হাঁটুর ইনজুরি হলে একটা সমস্যার সম্মুখীন হতে পারি আমি। কাল ট্যাপিং করে যতটুকু ব্যাটিং করেছি সমস্যা হয়নি। ফিল্ডিং খুব বেশি করিনি অবশ্য। একটু ম্যানেজ করে আশা করি এই সিরিজ পার করতে পারব।’
তবে নিজেদের সেরা দল না পেলেও হতাশ নন তামিম। জানান, ‘আমরা সবসময় পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারি এমন নয়। আর আমাদের পরিস্থিতি মেনে নিতে হবে। মুশফিকের পরিস্থিতি দেখুন, বা মুস্তাফিজের চোট, এগুলো নিয়ন্ত্রণে নেই। এজন্যই ১৬-১৭ জন রাখা হয় স্কোয়াডে। যারা স্কোয়াডে আছে সবাই যোগ্য।
মুশফিকের অনুপস্থিতিতে আবারো একাদশে ফেরার সুযোগ তৈরি হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। তাকে নিয়ে বেশ উচ্চাশা আছে ওয়ানডে অধিনায়কেরও।
তামিম বলেন, সোহান অত্যন্ত ভালো করছে। এমন নয় একটা টুর্নামেন্টে, গত ৪-৫ টুর্নামেন্টেই সে ভালো করছে। এজন্যই তাকে দলে রাখা হয়েছে। একাদশে জায়গা হবে কি হবে না বলতে পারব না। তবে সে একাদশে জায়গা পাওয়ার অন্যতম দাবীদার। সুযোগ থাকলে, যে পজিশনে ব্যাট করে সেখানে জায়গা থাকলে অবশ্যই। তাকে নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। আমি নিশ্চিত সুযোগ পেলে ও ভালো করবে। সে যেভাবে ট্রেনিং করছে তা দারুণ। যেকোনো অধিনায়কই তাকে দলে রাখলে খুশি হবে।
ইত্তেফাক/এএএন