শিশু উদ্ধারকাজ দেখতে গিয়ে কুয়ায় পড়লো ৩০ জন, ৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের বিদিশায় কুয়া থেকে একটি শিশুকে উদ্ধার করা দেখতে গিয়ে পড়ে গেলো ৩০ জন। ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) এই ঘটনা ঘটে। উদ্ধারকৃতদের ৫ জনের অবস্থা আশংকাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, লাল পাঠার গ্রামে কুয়ায় পড়ে গিয়েছিল এক শিশু। তাকে উদ্ধার করতে এবং সেই কাজ দেখার জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। আর তখনই বাঁধে বিপত্তি। ওই কুয়ায় পড়ে যান অন্তত ৩০ জন।

পুলিশ জানায়, এখন পর্যন্ত কুয়া থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। ১৩ জনের কোনো হদিস তারা পায়নি।

পুলিশ আরও জানায়, এই ঘটনায় মারা গিয়েছেন অন্তত ৩ জন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনাস্থলে এনডিআরএফ ও এসডিআরএফ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।

ইত্তেফাক/টিআর