নিউজিল্যান্ডে বমি করার চেষ্টা করতে গিয়ে অদ্ভুত এক দুর্ঘটনার শিকার হয়েছেন ২৭ বছর বয়সী এক নারী। অসাবধানতাবশত একটি বড় কাঁটাচামচ গিলে ফেলেন তিনি। পরে সেটি তার পাকস্থলীতে আটকে যায়। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে কাঁটাচামচটি বের করতে হয়েছে চিকিৎসকদের।
দেশটির ওয়াইকাটো হাসপাতালে এ ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিকিৎসকদের কাছে নেওয়ার পর ওই নারীর এক্স-রে করা হয়। পরীক্ষায় দেখা যায়, পুরো কাঁটাচামচটি তার পাকস্থলীর ভেতরে আটকে আছে। এরপর সেটি বের করার উদ্যোগ নেন চিকিৎসকরা।
অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক চিকিৎসক জেসি ফিশার নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, ওই নারী কেন কাঁটাচামচ ব্যবহার করে বমি করার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘটনাটি কোনো সামাজিক আয়োজনে ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এটি নিছক মজা করার চেষ্টা ছিল কি না, তা নিশ্চিত নন তিনি।
চিকিৎসক আরও জানান, ওই নারীর আগে থেকে খাদ্যাভ্যাসজনিত কোনো মানসিক সমস্যা বা মানসিক রোগের ইতিহাস ছিল না।
প্রথমে এন্ডোস্কোপির মাধ্যমে মুখ দিয়ে কাঁটাচামচটি বের করার চেষ্টা করেন চিকিৎসকরা। দুই দফা চেষ্টা করেও সফল না হওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ল্যাপারোস্কোপিক বা কী-হোল সার্জারির মাধ্যমে পাকস্থলী থেকে কাঁটাচামচটি বের করা হয়। এ জন্য পেটে প্রায় চার সেন্টিমিটার কাটতে হয়েছিল। অস্ত্রোপচারের পর ক্ষতস্থানটি বন্ধ করে দেন চিকিৎসকরা।
জেসি ফিশার জানান, কাঁটাচামচটি পাকস্থলীতে পৌঁছালেও সেখানে কোনো ছিদ্র তৈরি হয়নি। এ ছাড়া ওই নারীর শারীরিক অবস্থাও ভালো ছিল। এত বড় একটি কাঁটাচামচ কীভাবে পাকস্থলীতে পৌঁছাল, তা চিকিৎসকদের কাছেও বিস্ময়কর ছিল।
অস্ত্রোপচারের পর কোনো জটিলতা দেখা দেয়নি ওই নারীর। মাত্র দুই দিন হাসপাতালে থাকার পর তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর তিনি স্বাভাবিক খাবার খাওয়াও শুরু করেন।
এ ধরনের ঘটনা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে, বমি করানোর জন্য কখনোই কাঁটাচামচ বা এ ধরনের কোনো বস্তু মুখে প্রবেশ করানো উচিত নয়। এতে গুরুতর শারীরিক ক্ষতি হতে পারে এবং অস্ত্রোপচারের প্রয়োজনও দেখা দিতে পারে।
সূত্র: এনডিটিভি ও নিউজিল্যান্ড হেরাল্ড
